গণমানুষের সাথে
পোর্টাল: www.gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৬ পিএম
হবিগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও টমটম ইজিবাইকের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার সতং গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নয়ন মিয়া (২৩) ও হলহলিয়া গ্রামের আজগর খানের ছেলে মুহাদ্দিস (২২)।
আহতরা হলেন- হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. জসিম মিয়া (২৮), সতং বাজারের হানিফ মিয়ার ছেলে মো. সিহাব মিয়া (২৫) ও পাকুরিয়া গ্রামের দিদার মিয়ার ছেলে জুবেল (২০)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে মুহাদ্দিস মিয়া ও তার বন্ধু নয়ন মোটরসাইকেলে করে চান্দপুর চা বাগানে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে ফেরার পথে বাগানের পার্শ্ববর্তী সড়কে একটি টমটম ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মুহাদ্দিস ও নয়ন ঘটনাস্থলেই মারা যান। এ সময় ইজিবাইকের তিন যাত্রী আহত হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।