মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন, ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

00:00
00:00
বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন, ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

বাংলাদেশকে কাছ থেকে চেনার সবচেয়ে চমৎকার মাধ্যম ভ্রমণ। পাহাড়, সমুদ্র, সবুজ চরাঞ্চল কিংবা নদী-হাওরের এই দেশে আটটি বিভাগে ছড়িয়ে আছে ৬৪টি বৈচিত্র্যময় জেলা। তবে এতদিন ধরে ঘুরে বেড়ানো স্থানগুলোর মধ্যে ঠিক কতটি জেলা আপনার দেখা হয়েছে, তার নিখুঁত হিসাব অনেকেই হয়তো বলতে পারেন না। এই হিসাবকে রঙিন ক্যানভাসে চোখের সামনে ফুটিয়ে তুলতে নেটদুনিয়ায় এখন দারুণ সাড়া ফেলেছে একটি ডিজিটাল ভ্রমণ ম্যাপ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি নিজের দেখা জেলার মানচিত্র শেয়ার করার এই ট্রেন্ডটি বেশ ভাইরাল হয়েছে। এর মাধ্যমে যেমন দেখা বাকি থাকা জেলাগুলোয় ঘুরে আসার নতুন পরিকল্পনা সাজানো যায়, তেমনি বন্ধুদের সঙ্গে ভ্রমণের অনুভূতির হিসাবও শেয়ার করা যায়।

খুব সহজেই নিজের জন্য এই কাস্টমাইজড ভ্রমণ ম্যাপ তৈরি করার প্রক্রিয়াটি নিচে তুলে ধরা হলো:

১. ওয়েবসাইটে প্রবেশ:

এই ভ্রমণ ম্যাপ বানানোর জন্য আপনাকে যেতে হবে https://unseenbangladesh.com/ ওয়েবসাইটে। বাংলাদেশের জন্য ভালোবাসা দিয়ে এই ভ্রমণ ম্যাপ বানিয়েছেন ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন।

২. জেলা নির্বাচন:

ওয়েবসাইটে ঢুকে আপনি যে জেলাগুলোতে গিয়েছেন সেগুলো বেছে নিন। এখানে আটটি বিভাগে ৬৪ জেলার নাম দেওয়া আছে। আপনি জেলাগুলো ক্লিক করে বাছাই করতে পারেন। আবার পাশে থাকা বাংলাদেশের মানচিত্র থেকে জেলায় সরাসরি ক্লিক করেও যেসব জেলায় গিয়েছেন তা বাছাই করতে পারেন। চাইলে জেলার নাম লিখে খুঁজেও বের করা যায়।

আপনি যতগুলো জেলা নির্বাচন করবেন, সেগুলোর সংখ্যা ম্যাপের সঙ্গে দেখাবে। যেমন ৬৪ জেলার মধ্যে ১০টি ঘুরে থাকলে আপনার ভ্রমণের হিসাব হবে ১০/৬৪। সব জেলা একবারে নির্বাচন করার জন্য ‘সব বাছাই করুন’, আবার শুরু থেকে নতুন করে হিসাব করতে ‘সব মুছুন’ অপশনও রয়েছে।

এভাবে কয়েকটি ক্লিকেই তৈরি হয়ে যাবে আপনার নিজের বাংলাদেশের ভ্রমণচিত্র।

৩. আকর্ষণীয় থিম নির্বাচন:

শুধু জেলা বাছাই নয়, আছে নিজের মতো সাজানোর সুযোগও। ভ্রমণম্যাপকে আরও ব্যক্তিগত করে তুলতে রয়েছে থিম বেছে নেওয়ার সুযোগ। নিজের পছন্দের রঙের থিম ব্যবহার করে ম্যাপটি সাজানো যায়।

ওয়েবসাইটে পাঁচটি থিম দেওয়া আছে। আপনি যে কোনো একটি থিম পছন্দ করে তা ম্যাপে কেমন দেখায় দেখে নিতে পারেন।

৪. নাম ও ছবি যুক্তকরণ:

এরপর আপনি চাইলে এই ভ্রমণ ম্যাপের সঙ্গে আপনার ছবি যুক্ত করতে পারেন। আপনার নাম লেখারও অপশন আছে। আপনি চাইলে নাম লিখতে পারেন, আবার নাও লিখতে পারেন। এটি ঐচ্ছিক রাখা হয়েছে।

নাম লিখলে ম্যাপের ওপরে আপনার নাম উঠবে। নাম না দিলে ‘আমার বাংলাদেশ’ কথাটি দেখাবে।

৫. ম্যাপ ডাউনলোড:

যাবতীয় তথ্য সাজানো শেষে পাতার নিচে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ বাটনে ক্লিক করে এটি PNG, JPG অথবা PDF ফরম্যাটে ডাউনলোড করে নেওয়া যাবে। এরপর সহজেই ছবিটি আপনার ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক মাধ্যমে পোস্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।

কালবেলা/আরএম/এমএইচ
শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --